আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 6:05 pm || প্রকাশের তারিখ: April 1, 2026, 3:50 pm
কেশবপুরে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩
মোস্তাবিন সিয়াম ।। যশোরের কেশবপুর উপজেলায় তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার আলতাপোল ২৩ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে চুকনগর থেকে বিপুল পরিমাণ তরমুজ নিয়ে ট্রাকটি যশোরের দিকে যাচ্ছিল। আলতাপোল ২৩ মাইল সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় ট্রাকে থাকা তরমুজগুলো রাস্তা ও পাশের বাগানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে এবং ট্রাকটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ঝাপিয়ে পড়েন। তারা ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ও সহযোগীদের উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। "হঠাৎ বিকট শব্দ শুনে আমরা দৌড়ে যাই। দেখি ট্রাকটি উল্টে খাদে পড়ে আছে। আমরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
দুর্ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, অতিরিক্ত বোঝাই নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ট্রাকটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবিডি.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম