আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 2:16 pm || প্রকাশের তারিখ: April 12, 2026, 12:32 pm
কুমারখালীতে গাজী ফিলিং স্টেশনে তেল নিয়ে কারসাজি: ভোগান্তিতে কৃষক ও সাধারণ মানুষ
বাপ্পি হোসেন,উপজেলা প্রতিনিধি,কুমারখালী।। কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুর সংলগ্ন 'মেসার্স গাজী ফিলিং স্টেশন'-এর বিরুদ্ধে ডিজেল ও পেট্রোল সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সাধারণ গ্রাহক ও কৃষকদের তেল না দিয়ে ড্রাম ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।
সরেজমিনে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্প কর্তৃপক্ষ সাধারণ খুচরা গ্রাহক, মোটরসাইকেল আরোহী এবং প্রান্তিক কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রাখছে। তেল নিতে আসা কৃষকদের ফিরিয়ে দেওয়া হলেও পর্দার আড়ালে একদল অসাধু ব্যবসায়ীর বড় বড় ড্রাম ভর্তি করে তেল সরবরাহ করা হচ্ছে।
বর্তমানে সেচ মৌসুম চলায় ডিজেলের চাহিদা তুঙ্গে। এমন অবস্থায় পাম্পের এই লুকোচুরি ও কারসাজিতে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকরা। লাইনে দাঁড়িয়ে থাকা এক ভুক্তভোগী কৃষক বলেন:"আমরা সামান্য কয়েক লিটার তেলের জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছি, আমাদের বলা হচ্ছে তেল নেই। অথচ চোখের সামনেই বড় বড় ড্রামে করে তেল পাচার করা হচ্ছে। এভাবে চললে আমাদের ফসল মাঠেই শুকিয়ে যাবে।"
কৃষকদের পাশাপাশি সাধারণ যানবাহন চালকরাও পড়েছেন বিপাকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালককে ফিরে যেতে দেখা গেছে। অভিযোগ উঠেছে, খুচরা বিক্রির চেয়ে ড্রামে করে বেশি দামে তেল বিক্রি করতেই পাম্প কর্তৃপক্ষ এই কৃত্রিম সংকট তৈরি করছে।পাম্পের এই স্বেচ্ছাচারিতা ও তেল নিয়ে কারসাজি বন্ধে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ভোক্তাদের দাবি, অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সদুত্তর দিতে রাজি হননি।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম