
নিজস্ব প্রতিবেদক।। নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিতরণকৃত ৬০টি বকনা গরু নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা প্রকাশ না করা এবং তথ্য গোপন করার অভিযোগ উঠেছে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুম খানের বিরুদ্ধে।
সরকারি তথ্য অনুযায়ী, লোহাগড়া উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২,৮১২ জন। ২০২৫-২৬ অর্থ বছরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে ৬০টি বকনা গরু ও গো-খাদ্য বিতরণের বরাদ্দ আসে। নিয়ম অনুযায়ী, প্রকৃত মৎস্যজীবীদের যাচাই-বাছাই করে এই গরুগুলো হস্তান্তরের কথা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুম খান এই প্রকল্পের যাবতীয় তথ্য গোপন রাখছেন। সংবাদকর্মীরা উপকারভোগীদের তালিকা বা গরু বিতরণের লিখিত নথি (মাস্টার রোল) দেখতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এমনকি তার দপ্তরে এ সংক্রান্ত কোনো গ্রহণপত্র বা তালিকা সংরক্ষিত নেই বলেও জানা গেছে।"কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে সরকারি অর্থ ও সম্পদ আত্মসাতের চেষ্টা চলছে। আমরা এলাকায় কোনো জেলেকে গরু পেতে দেখিনি। যদি বিতরণই হয়ে থাকে, তবে তালিকা প্রকাশ করতে বাধা কোথায়?"
এ বিষয়ে লোহাগড়া উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাসুম খান বলেন:"৬০টি গরু জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে আমার কাছে বর্তমানে কোনো তালিকা নেই, সব প্রজেক্ট অফিসে জমা দিয়েছি। আমি আপনাদের কোনো তালিকা দিতে পারব না।"অন্যদিকে, নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন, "তালিকা তো উপজেলা মৎস্য অফিসেই থাকার কথা। তিনি কেন তথ্য দিচ্ছেন না বা তালিকা দেখাচ্ছেন না, তা আমি খতিয়ে দেখে আপনাদের জানাব।"
উপজেলা পর্যায়ে কোনো সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে উপকারভোগীদের তালিকা প্রকাশ করা বাধ্যতামূলক। কিন্তু মাসুম খানের এমন অনড় অবস্থান এবং নথিপত্র দেখাতে না পারায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে-অনুদানের এই ৬০টি গরু আসলে কার গোয়ালে গেল? জেলেদের ভাগ্য উন্নয়নে আসা সরকারি সম্পদের এই নয়ছয় বন্ধে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নড়াইলের সচেতন নাগরিক সমাজ।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম