আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: এপ্রিল ১৯, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী: একরামপুরে বিশাল মানববন্ধন
নাজমুল ইসলাম নাহিদ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ।। কিশোরগঞ্জ শহরের ৭নং ওয়ার্ডের পরিবেশ রক্ষায় এবং মাদকের নীল দংশন থেকে যুবসমাজকে বাঁচাতে রাজপথে নেমেছে এলাকাবাসী। আজ রোববার সকাল ১১:৩০ ঘটিকায় শহরের গুরুত্বপূর্ণ একরামপুর মোড়ে 'সাত নম্বর ওয়ার্ডবাসী'র ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে জানান যে, এলাকায় বেশ কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মরণঘাতী মাদকের ব্যবসা চালিয়ে আসছে। বিশেষ করে আনাম, মঞ্জিল, সিরাজ, ফাতেমা এবং ইয়াবা-গাঁজা ডিলার হিসেবে পরিচিত জোসনা গংদের দৌরাত্ম্যে এলাকার সামাজিক পরিবেশ এখন বিষিয়ে উঠেছে। বক্তাদের অভিযোগ, এই চক্রটির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস দেখালে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয় এবং মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করা হয়। মাদক ব্যবসায়ীদের এই বেপরোয়া আচরণের ফলে এলাকার কিশোর ও যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: আরিফুল ইসলাম আরজু, সাবেক কাউন্সিলর, ৭নং ওয়ার্ড। সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর। শামসুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক, একরামপুর ব্যবসায়ী সমিতি।
এছাড়াও মাদকবিরোধী এই আন্দোলনে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব জিল্লুর রহমান এবং ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাহিদ।
মানববন্ধনে স্থানীয় যুবসমাজের পক্ষ থেকে করিম, আলামিন, মহসিন, হুমায়ুন কবির ও লিটন মিয়াসহ অন্যান্যরা মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এসব চিহ্নিত মাদক ডিলারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একরামপুর মোড়ের এই মানববন্ধনে ব্যবসায়ী, শিক্ষার্থী এবং শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এলাকাবাসীর একমাত্র দাবি"মাদকমুক্ত সমাজ চাই, চিহ্নিত ব্যবসায়ীদের জেল চাই।"
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম