প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 11:14 am || প্রকাশের তারিখ: April 20, 2026, 12:15 pm
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় গেলেন তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন। বগুড়ায় পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
জানা গেছে, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।