প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 3:05 am || প্রকাশের তারিখ: May 6, 2026, 4:45 pm
ধামসোনা ইউনিয়ন পরিষদে সেবা নিতে ভোগান্তি: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় সমান অভিযোগ
নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানা গেছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সরকারি সেবা নিতে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হচ্ছে। ভুক্তভোগীরা জানান, সরাসরি সেবা নিতে গেলে নানা অজুহাতে কাজ বিলম্বিত করা হয়। তবে পরিষদের ভেতরে সক্রিয় একটি প্রভাবশালী দালাল চক্রের মাধ্যমে গেলে রহস্যজনকভাবে দ্রুত কাজ সম্পন্ন হয়।
ব্যবসায়ীদের দাবি, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে অনিয়ম এখন ওপেন সিক্রেট। সরকার নির্ধারিত ট্যাক্স ও ফি’র কয়েক গুণ বেশি টাকা দাবি করা হয়। কয়েকজন ভুক্তভোগী ব্যবসায়ী জানান, দাবিকৃত অতিরিক্ত টাকা না দিলে আবেদন দিনের পর দিন আটকে রাখা হয়। এছাড়া ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতার কার্ড পেতেও সাধারণ মানুষকে পকেট থেকে বাড়তি টাকা গুনতে হচ্ছে।
শুধু নাগরিক সেবাই নয়, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ-রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়ন কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কাজ পুরোপুরি সম্পন্ন না করেই কাগজে-কলমে প্রকল্প শেষ দেখিয়ে অর্থ উত্তোলন করা হয়েছে। ফলে নির্মিত রাস্তা বা ড্রেনগুলো অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। পরিষদে সেবা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,এখানে টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না। সাধারণ মানুষের দুর্ভোগ দেখার যেন কেউ নেই। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।”
অভিযোগের বিষয়ে ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, “পরিষদের সকল কার্যক্রম সরকারি নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। কেউ যদি অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেন বা লিখিত অভিযোগ করেন, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা ধামসোনা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতে এবং দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু