প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 9:00 pm || প্রকাশের তারিখ: May 23, 2026, 3:30 pm
কুষ্টিয়ায় সুন্দরবন এক্সপ্রেসের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নাইম বিশ্বাস (স্টাফ রিপোর্টার),কুষ্টিয়া
কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ এর ছাদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ট্রেনের ছাদ থেকে ওই যুবকের রক্তাক্ত মরদেহটি উদ্ধার করেন রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে থামলে উপরে থাকা ওই যুবকের নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্টেশনে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবকের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রাপথে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় রেললাইনের ওপরের কোনো বৈদ্যুতিক তার, পোল বা ওভারব্রিজের সাথে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।