প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 7:24 am || প্রকাশের তারিখ: June 9, 2026, 7:25 pm
শেখ মাহতাব হোসেন নিজস্ব প্রতিবেদক।। ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে তৃণমূল পর্যায়ে আইনি সেবা ও গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ক্যাম্পেইন সম্পন্ন হয়।
গ্রাম আদালতের গুরুত্ব ও আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা। সকাল থেকে মাগুরখালী ইউনিয়নের প্রধান সড়কগুলোতে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ নিরসনে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ও সাশ্রয়ী মাধ্যম। এর মাধ্যমে অতি দ্রুত এবং নামমাত্র খরচে ন্যায়বিচার পাওয়া সম্ভব, যা গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক।
আলোচনা সভা শেষে উপস্থিত এলাকাবাসীর মাঝে গ্রাম আদালতের কার্যপ্রক্রিয়া ও সফলতার গল্পের ওপর ভিত্তি করে নির্মিত একটি তথ্যবহুল ভিডিও প্রদর্শন করা হয়। এরপর আয়োজিত তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং সক্রিয় অংশগ্রহণকারী ২০ জনের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মরিয়ম খাতুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রাম আদালত মামলার জট কমাতে অনন্য ভূমিকা রাখছে। মাগুরখালীর সাধারণ মানুষ যাতে এই সেবার পূর্ণ সুবিধা নিতে পারেন, সেজন্য আমাদের এই সচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজন শেষে এলাকাবাসী এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও গ্রাম আদালত বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এবিডি.কম/রাজু