আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ১৪, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
বকেয়াদার ভাড়াটিয়াদের বিরুদ্ধে মামলা-উচ্ছেদের প্রস্তুতি গৃহায়ন কর্তৃপক্ষের
চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম বিভাগের আওতাধীন শেরশাহ ও ফিরোজশাহ হাউজিং এস্টেটের মাসিক ভাড়াভিত্তিক দোকান ও ফ্ল্যাটের বরাদ্দগ্রহীতাদের নিয়মিত ভাড়া ও বকেয়া পরিশোধে পুনরায় তাগিদ দেওয়া হয়েছে। বকেয়া ভাড়া আদায়ে রোববার (১৪ জুন) মাইকিং ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভাড়াটিয়াদের নিয়মিত ও বকেয়া ভাড়া পরিশোধের জন্য এর আগে একাধিকবার নোটিশ দেওয়া হলেও অনেকেই তা পরিশোধ করেননি। ফলে বারবার অডিট আপত্তির মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে।
নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম বিভাগ-এর নির্দেশনায় প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট), উপ-সহকারী প্রকৌশলী এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা শেরশাহ ও ফিরোজশাহ হাউজিং এস্টেট এলাকায় মাইকিংয়ের মাধ্যমে বকেয়া ভাড়া দ্রুত পরিশোধের আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করা হয়, বকেয়া পরিশোধ না করলে PDR Act অনুযায়ী মামলা দায়ের এবং উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হবে।
এদিকে ফিরোজশাহ হাউজিং এস্টেটের পরিত্যক্ত ঘোষিত ভবনগুলোতে বসবাসরতদেরও সচেতন করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে পরিত্যক্ত ঘোষণার পূর্ব পর্যন্ত বকেয়া ভাড়া পরিশোধ এবং আসন্ন বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়।
প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মো. নাসির উদ্দীন জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে ৭৬টি টিনশেড বাড়ির স্থলে চারটি বহুতল ভবন নির্মাণ করেছে। একইভাবে পর্যায়ক্রমে বর্তমানে পরিত্যক্ত ঘোষিত পাঁচটি ভবনের স্থানেও স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য বহুতল ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হবে। তিনি বলেন, আবাসন সুবিধা সম্প্রসারণ ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে কর্তৃপক্ষ ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম