প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 6:58 pm || প্রকাশের তারিখ: June 26, 2026, 3:27 pm
আশুলিয়ায় চাঞ্চল্যকর অপহরণ চক্রের মূলহোতা হাবিবা গ্রেপ্তার: উদ্ধার আইফোন ও ল্যাপটপ
আশুলিয়ায় চাঞ্চল্যকর অপহরণ চক্রের মূলহোতা হাবিবা গ্রেপ্তার: উদ্ধার আইফোন ও ল্যাপটপ
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় কফির সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে এক ব্যক্তিকে অপহরণ, টর্চার সেলে নিয়ে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে হাবিবা ইসলাম (২৫) নামে এক নারী অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ভুক্তভোগীর লুণ্ঠিত আইফোন, অফিস ব্যাগ এবং ল্যাপটপ উদ্ধার করা হয়। তবে চক্রের অন্য সহযোগীরা পলাতক রয়েছে।
শুক্রবার (২৬ জুন, ২০২৬) গভীর রাতে আশুলিয়ার গাজীরচট চাঁড়ালপাড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ পারভেজ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন বিকেলে অফিসের কাজে আশুলিয়ার নরসিংহপুর আসেন ভুক্তভোগী মাসুদ পারভেজ (৩৭)। বিকেল ৪টার দিকে তিনি জামগড়ার 'টেস্টি ট্রিট' শোরুমে নাস্তা করার সময় তার পূর্বপরিচিত হাবিবা ইসলাম সেখানে প্রবেশ করেন। হাবিবা তার সাথে কথা বলার একপর্যায়ে কফি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কফি অর্ডারের পর কৌশলে মাসুদের মুখে চেতনাpatch বা নেশাজাতীয় কোনো দ্রব্য ঢুকিয়ে দেওয়া হয়। এতে তিনি তাৎক্ষণিকভাবে অবশ ও হাবিবার অনুগত হয়ে পড়েন।
ভুক্তভোগী জানান, যখন তার পূর্ণ জ্ঞান ফেরে, তখন তিনি নিজেকে একটি অজ্ঞাত কক্ষে আবিষ্কার করেন। সেখানে হাবিবা ছাড়াও আরও ৪/৫ জন যুবক উপস্থিত ছিল। অপহরণকারীরা তাকে ব্যাপক মারধর করে এবং গলায় চাকু ধরে প্রাণনাশের হুমকি দেয়।
নির্যাতনের মুখে বাধ্য হয়ে মাসুদ তার ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪২,০০০ টাকা হাবিবাদের দিয়ে দেন। এরপরও ক্ষান্ত না হয়ে অপহরণকারীরা তার পরিবারের কাছে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে। ছেলেকে বাঁচাতে মাসুদের মা বগুড়ার একটি স্থানীয় বাজারের বিকাশ এজেন্ট থেকে হাবিবার ব্যক্তিগত বিকাশ নম্বরে (০১৮৮৬-৭৬৭২২৯) ১,০০,০০০ (এক লাখ) টাকা এবং অন্য একটি এজেন্ট নম্বরে (০১৯১০৬১৬১৬৯) আরও ১০,০০০ টাকা পাঠান। মুক্তিপণ আদায়ের পর মাসুদের আইফোন ১২ মিনি, এইচপি ল্যাপটপ ও অফিস ব্যাগ কেড়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়।
ভুক্তভোগী মাসুদ পারভেজ ছাড়া পেয়ে দ্রুত আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। অভিযোগ পেয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাতেই অভিযান শুরু করে। ২৬ জুন রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় গাজীরচট চাড়ালপাড়া তিন রাস্তার মোড় থেকে মূলহোতা মোসাঃ হাবিবা ইসলামকে গ্রেপ্তার করা হয়। হাবিবা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার নলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
এ সময় হাবিবার কাছ থেকে মাসুদের খোয়া যাওয়া আইফোন, ল্যাপটপ ও অফিস ব্যাগ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই এজাহারনামীয় আসামি মোঃ আসিফুল ইসলাম আসিফ (২৮) ও রুবেল মুন্সি (৩৫) সহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
আশুলিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হাবিবা ও তার চক্রটি এলাকায় দীর্ঘদিন ধরে 'হানি ট্র্যাপ' ও অপহরণের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।
এ বিষয়ে আশুলিয়া থানায় পেনাল কোডের ৩২৮/৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় (নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো, অপহরণ, মারধর, জোরপূর্বক অর্থ ও মুক্তিপণ আদায় এবং হুমকি প্রদান) একটি মামলা (মামলা নং- ২০৭, তারিখ: ২৬/০৬/২০২৬) রুজু করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।