প্রিন্ট এর তারিখ: July 1, 2026, 9:11 pm || প্রকাশের তারিখ: July 1, 2026, 6:44 pm
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা ও রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাবে একটি জাপানি কনসোর্টিয়াম।
২০১৭ সালে ২১ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা বহন করে এবং বাকি অর্থ ঋণ হিসেবে দেয় জাপান। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং চারটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তি স্বাক্ষরের চেষ্টা চলছে। চুক্তি অনুযায়ী, টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপানি পক্ষ, আর বাংলাদেশ পাবে ২৭ শতাংশ।
চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো কর্পোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন নিয়ে গঠিত জাপানি কনসোর্টিয়াম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে।