প্রিন্ট এর তারিখ: July 1, 2026, 8:54 pm || প্রকাশের তারিখ: July 1, 2026, 6:13 pm
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী,১-৭-২৬-জুলাই, উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তিন দশকের বেশি সময়ের পথচলাকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ দিনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
দিনের কর্মসূচির সূচনা হয় সকালবেলায় বেলুন ও পায়রা উড়িয়ে। প্রধান অতিথি ও বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এর পরপরই এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পুলিশ লাইনস প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো র্যালিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল পুলিশের বিভিন্ন ইউনিটের সুসজ্জিত প্যারেড, বিশেষ করে অত্যাধুনিক সোয়াট টিমের অংশগ্রহণ। তাদের সুশৃঙ্খল মার্চপাস্ট ও পেশাদারিত্বের প্রদর্শন অনুষ্ঠানটির গাম্ভীর্য ও আকর্ষণ বৃদ্ধি করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানমালার মাধ্যমে আরএমপি তার সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগনের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে অংশ নেওয়া সকলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।