প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 3:17 pm || প্রকাশের তারিখ: July 3, 2026, 12:57 pm
ত্রিশালে সড়ক নির্মাণে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিতকরণে কঠোর অবস্থানে এলজিইডি
নিজস্ব প্রতিবেদক, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন ও সড়ক নির্মাণ কাজে স্বচ্ছতা ফেরাতে নতুন উদ্যমে কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সড়ক নির্মাণের পর কাজের স্থায়িত্ব ও মান যাচাইয়ে নিরলস কাজ করে যাচ্ছেন উপজেলা প্রকৌশলী মো: জুবায়েদ হোসাইন। কাজের মান নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফিরেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়ক নির্মাণ ও সংস্কার কাজগুলোতে এলজিইডি কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। বিশেষ করে সড়ক নির্মাণের সময় ব্যবহৃত নির্মাণসামগ্রী ও কারিগরি মান কঠোরভাবে যাচাই করছেন প্রকৌশলী মো: জুবায়েদ হোসাইন। তিনি প্রতিটি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সঠিক মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের কঠোর নির্দেশনা দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকৌশলীর এমন কঠোর অবস্থান ও নিয়মিত মাঠপর্যায়ে তদারকির ফলে নির্মাণ কাজের মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। কাজের মান নিয়ে অতীতে যেসব অভিযোগ ছিল, সেগুলো এখন অনেকটাই কমে এসেছে। দ্রুত সময়ে সঠিক মানের কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।
ত্রিশাল উপজেলা এলজিইডির এমন বলিষ্ঠ পদক্ষেপে আশা করা যাচ্ছে যে, আগামী দিনে উপজেলার যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনবে।