প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 4:32 pm || প্রকাশের তারিখ: July 3, 2026, 1:56 pm
ময়মনসিংহের ত্রিশালে পানের বাম্পার ফলন, কিন্তু দাম না পেয়ে দিশেহারা চাষিরা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর গ্রামে এ বছর পান চাষে বাম্পার ফলন হয়েছে। কিন্তু সেই অনুযায়ী পানের ন্যায্য বাজার দর না পাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় পান চাষিরা। বর্তমানে পান বিক্রির লব্ধ টাকা দিয়ে পানের বরজের পরিচর্যার খরচই উঠছে না বলে অভিযোগ করেছেন চাষিরা।
সরেজমিনে মোক্ষপুর এলাকায় গিয়ে দেখা যায়, মাঠজুড়ে পানের বরজগুলো সবুজে সমারোহে ভরে আছে। মানসম্মত পানের উৎপাদনও এবার বেশ ভালো। কিন্তু পানের হাটে গিয়ে চাষিদের মুখে হাসি নেই।
ভুক্তভোগী পান চাষি রাশেদ মিয়া জানান, "এ বছর পান খুব ভালো হয়েছে। কিন্তু বাজারে পানের যে দাম, তাতে উৎপাদন খরচই তো উঠছে না। এখন কীটনাশক, সারসহ যাবতীয় কৃষি উপকরণের দাম অনেক বেশি। সবকিছুর দাম বৃদ্ধির ফলে আমরা পানের বরজ সামলাতে গিয়ে এখন হিমশিম খাচ্ছি। লোকসান গুনতে গুনতে আমরা পুঁজি হারানোর পথে।"
চাষিরা জানান, বিগত বছরগুলোর তুলনায় সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে পান চাষে খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। অথচ সেই তুলনায় পাইকারি বাজারে পানের দর অনেক কম। উৎপাদিত পানের ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক চাষি এখন পান চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা ভাবছেন।
এ বিষয়ে স্থানীয় কৃষকদের অভিযোগ, পান চাষিদের এই দুঃসময়ে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কোনো প্রকার তদারকি বা পরামর্শ নেই। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কোনো খোঁজখবর না নেওয়ায় চাষিরা তাদের সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না। তারা দ্রুত পানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, পান চাষিদের এই সংকট কাটাতে কৃষি বিভাগের উচিত দ্রুত মাঠ পর্যায়ে পরামর্শ প্রদান এবং পানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা। অন্যথায়, উপজেলার ঐতিহ্যবাহী পান চাষের এই খাতটি হুমকির মুখে পড়বে।