প্রিন্ট এর তারিখ: July 6, 2026, 3:28 pm || প্রকাশের তারিখ: July 6, 2026, 12:55 pm
কক্সবাজারে পাহাড়ধসে নিহত আরও এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ছাত্তারের ঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনাটি ঘটে। এ নিয়ে কক্সবাজারে রবিবার দিবাগত রাত ১টা থেকে আজ ভোর ৪টা পর্যন্ত পাহাড়ধসে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। নিহত অপর আটজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
ছাত্তারের ঘোনা এলাকায় পাহাড়ধসে নিহত ব্যক্তির নাম আলী আকবর (৪৫)। ভোর ৪টার দিকে পাহাড়ের একটি অংশ তার ঘরের ধসে ওপর পড়ে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, পাহাড়ধসের পর আলী আকবরসহ তার পরিবারের তিন সদস্য মাটির নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী পাহাড়ধসে আলী আকবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টানা বৃষ্টির মধ্যে পাহাড়ধসের ঘটনা ঘটছে। এ অবস্থায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৮ জনের মৃত্যু: গতকাল দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে পৃথক পাহাড়ধসের ঘটনায় উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী-শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়। উখিয়ার বালুখালী, কুতুপালং ও জামশিয়া আশ্রয়শিবিরে এসব পাহাড়ধসের ঘটনা ঘটে।