প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 8:18 pm || প্রকাশের তারিখ: July 11, 2026, 5:50 pm
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের মধ্যে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (১১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭০২ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে একদিনে আক্রান্ত ও উপসর্গ শনাক্তের সংখ্যা ৭৮৬।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪১০ জনের। এ ছাড়া এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৯ হাজার ৭৬২ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।