আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 8:13 am || প্রকাশের তারিখ: July 12, 2026, 8:13 pm
আকবরশাহে পাহাড় কাটার ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার মিরপুর আবাসিক এলাকায় অবৈধ পাহাড় কাটার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিক কাদেরের ওপর হামলা, দেড় লাখ টাকা মূল্যের ক্যামেরা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টির মধ্যেও পরিবেশবিধ্বংসী পাহাড় কাটার অভিযোগের সত্যতা যাচাই এবং সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে শুক্রবার গভীর রাতে মিরপুর আবাসিক এলাকায় যান সাংবাদিক কাদের। তিনি ঘটনাস্থলে পাহাড় কাটার ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার পরিচয় জানতে চেয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে অভিযুক্ত রাজু, ফারুক ও মফিজসহ কয়েকজন সংঘবদ্ধভাবে সাংবাদিক কাদেরের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার সময় তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি পেশাদার ক্যামেরা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া ভবিষ্যতে পাহাড় কাটা বা তাদের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। সাংবাদিক কাদের অভিযোগ করেন, অভিযুক্ত রাজু, ফারুক ও মফিজ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার বিষয়টি আকবরশাহ থানার তদন্ত কর্মকর্তা ওমর ফারুককে জানানো হয়েছে। তিনি অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান ভুক্তভোগী।স্থানীয়দের অভিযোগ, মিরপুর আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটার ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্ত রাজু, ফারুক ও মফিজকে গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম