প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 3:56 pm || প্রকাশের তারিখ: July 14, 2026, 2:11 pm
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার ও সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ আন্দোলন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করায় তারা ক্ষুব্ধ। এ ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।পূর্বঘোষণা অনুযায়ী, মঙ্গলবার রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব ও মিরপুরেও একই দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বাইরে অন্য কোথাও কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।