আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 10:33 am || প্রকাশের তারিখ: July 17, 2026, 8:26 am
মাজারে ‘শিকল সাইজি’ সেজেও শেষ রক্ষা হলো না: মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হত্যা মামলার খুনি লিটন ঢাকায় গ্রেফতার
মাজারে ‘শিকল সাইজি’ সেজেও শেষ রক্ষা হলো না: মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হত্যা মামলার খুনি লিটন ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,

 

ঢাকা মাগুরা জেলার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ‘মানিক লাল ডোম’ হত্যা মামলার দীর্ঘ ৫ বছর ধরে পলাতক অন্যতম প্রধান আসামি লিটন (৪৮)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। ‘বাংলাদেশ আমার অহংকার’— এই স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলের পাশাপাশি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বদা সচেষ্ট ভূমিকার অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

গতকাল ১৫ জুলাই ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা মেট্রোপলিটনের শাহআলী থানাধীন শাহ-আলী মাজার এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ছদ্মবেশী এই খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার বিবরণী ও গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানা যায়, ভিকটিম মানিক লাল ডোম মাগুরা সদর থানাধীন হাসপাতালপাড়ার (ডোমপাড়া) বাসিন্দা ছিলেন। ২০২১ সালের ২৯ জুন রাতে ভিকটিম তার ৯ বছর বয়সী ছেলে সানবাবুকে নিয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন ৩০ জুন ভোরে শিশু সানবাবু ঘুম থেকে জেগে তার বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে প্রেরণ করে। এই নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর ঘটনাটি মাগুরাসহ দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছায়া তদন্ত শুরু হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে এই মামলার অন্যতম আসামি মেহেদী হাসান আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে সে জানায় যে, গাঁজা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে ভিকটিম মানিক লালের সাথে ঝন্টু, লিটন সাইজিসহ অন্যদের তীব্র বিরোধ তৈরি হয়। এরই জের ধরে ২০২১ সালের ৩০ জুন রাতে আসামিরা ঘুমন্ত মানিক লালের ঘরে অতর্কিত প্রবেশ করে এবং ধারালো দা দিয়ে গলা কেটে তাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

‘শিকল সাইজি’ সেজে ৫ বছরের পলাতক জীবন: হত্যাকাণ্ডের পর থেকেই আসামি লিটন নিজেকে আইনের চোখ থেকে আড়াল করতে দেশের বিভিন্ন মাজার কেন্দ্রিক ‘শিকল সাইজি’ ছদ্মনাম ও বেশ ধারণ করে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ৫ বছর ধরে সে দেশের বিভিন্ন মাজারে মাজার ভক্ত সেজে ঘুরে বেড়াত। তবে শেষ রক্ষা হয়নি; দীর্ঘদিনের নিখুঁত গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে র‌্যাব-৪ তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া সচল রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম