প্রিন্ট এর তারিখ: July 20, 2026, 5:53 pm || প্রকাশের তারিখ: July 19, 2026, 2:42 pm
রাজশাহীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
১৯ জুলাই, ২০২৬,রাজশাহী মহানগরীতে মাদকের বিষবাষ্প নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহানগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। এই ধারাবাহিক অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারিদের গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম: মো:রহিম মিয়া (৩৬)
পিতা: মো: করিম উদ্দিন (৫৮)
গ্রাম: ছোট বনগ্রাম, থানা: শাহমখদুম, রাজশাহী।
গত কয়েক দিনে মহানগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার ও শাহমখদুম থানাধীন বিভিন্ন এলাকায় আরএমপির নিয়মিত টহল জোরদার করা হয়েছে। একই সাথে র্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন এবং গাঁজা উদ্ধার করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশনায় আমরা মহানগরীর প্রতিটি অলিগলিতে নজরদারি বাড়াতে গোয়েন্দা তৎপরতা আরও শক্তিশালী করেছি। মাদকের সাথে কোনো আপস নেই।
র্যাব-৫ এর পক্ষ থেকেও জানানো হয়েছে যে, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং মাদকের সরবরাহ চেইন ভেঙে দিতে তাদের বিশেষ টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাজশাহী মহানগরীর সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো এলাকায় মাদক কেনাবেচা বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড লক্ষ্য করলে দ্রুত নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে তথ্য দেওয়ার জন্য। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।