প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 6:06 pm || প্রকাশের তারিখ: July 22, 2026, 2:38 pm
সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহ্বান
নিজস্ব প্রতিবেদক।। লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করা এবং তাদের সাংবিধানিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকার সাভারে অনুষ্ঠিত হয়েছে ‘লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা-২০২৬’।
বুধবার (২২ জুলাই) সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে তৃতীয় লিঙ্গ ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর বিপুলসংখ্যক সদস্যের অংশগ্রহণে এ মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং সফল উদ্যোক্তারা অংশ নেন। মেলায় আগত অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সংস্থায় সরাসরি নিয়োগের তথ্য প্রকাশ। প্রশিক্ষণ কেন্দ্র ও কারিগরি শিক্ষা সংক্রান্ত দিকনির্দেশনা।আত্মকর্মসংস্থান ও নিজস্ব ব্যবসা শুরুর উদ্যোগ ও প্রয়োজনীয় সেবার তথ্য প্রদর্শন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বক্তব্যকালে তিনি বলেন: সমাজের প্রতিটি নাগরিকের মতো লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীরও মর্যাদাপূর্ণ জীবন ও কর্মসংস্থানের অধিকার রয়েছে। সরকার পর্যায়ক্রমে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণে গুরুত্বের সঙ্গে কাজ করে যাবে।"
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য আলোচকরা উল্লেখ করেন, লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। বিদ্যমান সামাজিক বৈষম্য দূর করে সমান সুযোগ তৈরি করা গেলে তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাদের তৈরি পণ্য ও কাজের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বক্তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান, যেন একটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব হয়।
এবিডি.কম/রাজু