প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 2:31 am || প্রকাশের তারিখ: July 25, 2026, 12:32 am
কুমারখালীর পান্টিতে জুয়া ও মাদকের রমরমা ব্যবসা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের
কুমারখালীর পান্টিতে জুয়া ও মাদকের রমরমা ব্যবসা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের
বাপ্পি হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহ্যবাহী পান্টি এলাকায় জুয়া ও মাদকের বেপরোয়া বিস্তারে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল, শিক্ষক, ব্যবসায়ী ও অভিভাবকেরা। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও জুয়ার আসর চললেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকার যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসীর ভাষ্যমতে, পান্টি বাজার ও এর আশপাশের বিভিন্ন গ্রামে অবাধে বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য। বিশেষ করে সন্ধ্যার পর চায়ের দোকান, মুদি দোকান ও বিভিন্ন আড়ালে নিয়মিত বসে তাস, লুডু, ক্যারাম এবং মোবাইলভিত্তিক জুয়ার আসর। গত জুলাইয়ের আন্দোলনের পর থেকে এই অপরাধমূলক কার্যক্রমগুলো আরও প্রকাশ্য রূপ নিয়েছে। এর ফলে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ যুবসমাজ মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে এবং এলাকায় দিন দিন অপরাধ প্রবণতা বাড়ছে।এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "এলাকার পরিচিত মুখগুলোই মাদক ও জুয়া ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি।"এক প্রবীণ শিক্ষক জানান, একসময়ের শান্ত ও সুনামধন্য পান্টির পরিবেশ আজ নষ্ট হতে চলেছে। একটি সংঘবদ্ধ চক্র এর পেছনে কাজ করছে।এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পান্টির শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে রক্ষা করতে অবিলম্বে জোরালো অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।