আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 4:33 pm || প্রকাশের তারিখ: July 25, 2026, 2:59 pm
সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার :প্রধানমন্ত্রী
সব ধরনের বাধা অতিক্রম করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সরকার সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে এ শিল্পের নির্ধারিত লক্ষ্য অর্জনে বাংলাদেশ সক্ষম হবে বলে আমরা আশাবাদী। তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনে সরকার কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।দুই দিনের এ আয়োজনে ১১টি পূর্ণাঙ্গ অধিবেশন, সাতটি কৌশলগত আলোচনা এবং একটি প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সামিটে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস বক্তব্য দেবেন। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।

এদিকে, সামিটের পাশাপাশি বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬-ও অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার্থী ও নবীন উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য গভীর প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ৩৫টি স্টলে প্রদর্শন করা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম