আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 8:02 pm || প্রকাশের তারিখ: July 25, 2026, 5:56 pm
ভেড়ামারায় সরকারি সড়কের গাছ কাটার মহোৎসব: ব্যক্তিমালিকানার দাবি নিয়ে ক্ষোভ
ভেড়ামারায় সরকারি সড়কের গাছ কাটার মহোৎসব: ব্যক্তিমালিকানার দাবি নিয়ে ক্ষোভ

​নাঈম বিশ্বাস, কুষ্টিয়া:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সরকারি সড়কের পাশে থাকা মূল্যবান মেহগনি গাছ কাটার মহোৎসব চলছে। কোনো ধরনের টেন্ডার বা আইনি অনুমতি ছাড়াই সরকারি জায়গায় বেড়ে ওঠা বিশাল আকৃতির গাছ কেটে ফেলার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফারাকপুর রেলগেট থেকে গোলাপনগর রায়টার অভিমুখে যাওয়ার পথে ‘ব্যাকাপুল’ নামক স্থানে সড়কের পাশের গাছগুলো কাটার এই ঘটনা ঘটে। চরদামুকদিয়া এলাকার মৃত জব্বার মালিথার ছেলে আজাদ মালিথা নামের এক ব্যক্তি এই গাছগুলো তার নিজস্ব সম্পত্তি বলে দাবি করছেন। তিনি গাছগুলো বিক্রির উদ্দেশ্যে ইতিমধ্যে শ্রমিক লাগিয়ে বেশ কয়েকটি বড় মেহগনি গাছ কেটে ফেলেছেন।​সরেজমিনে দেখা যায়, সড়কের সৌন্দর্য বর্ধনকারী এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বিশাল আকৃতির মেহগনি গাছগুলো কেটে স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, প্রকাশ্য দিবালোকে কোনো ধরনের আইনি প্রক্রিয়া বা বন বিভাগের অনুমতি ছাড়াই এই গাছগুলো কাটা হচ্ছে। যদি এটি সামাজিক বনায়ন কর্মসূচির আওতায়ও হয়ে থাকে, তবুও নিয়ম অনুযায়ী বন বিভাগ ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো অংশীদার এককভাবে গাছ কাটতে পারেন না। তবে রাস্তার ঢালে থাকা এসব মেহগনি গাছের বৈধ কোনো কাগজপত্র বা গাছ কাটার সরকারি অনুমতিপত্র অভিযুক্ত ব্যক্তি দেখাতে পারেননি।​সরকারি সম্পদ এভাবে লুটে নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত উপজেলা প্রশাসন ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মেহগনি গাছ কাটা অবিলম্বে বন্ধ এবং সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।​এ বিষয়ে ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান জানান, "এটা এলজিইডি বিভাগের রাস্তা। সেই মোতাবেক এলজিইডির গাছ হওয়ার কথা। আপনারা প্রশাসনকে জানান ও এলজিইডি অফিসের সাথে কথা বলেন।"​ঘটনার বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত জানান, "আপনাদের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।"
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম