আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 1:46 am || প্রকাশের তারিখ: July 26, 2026, 12:02 am
আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি: নারীকে জিম্মি করে চম্পট শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’
 উজ্জ্বল মন্ডল বিশেষ প্রতিনিধি।। আশুলিয়ায় পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে এক নারীকে জিম্মি করে চম্পট দেয় শুটার বাপ্পি। শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার ‘চৌধুরী প্লাজা’য় এ দুর্ধর্ষ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়,চৌধুরী প্লাজার একটি ভবনে শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি তার সহযোগীদের নিয়ে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে অভিযানে যায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়েই পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে বাপ্পি ও তার গ্যাংয়ের সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে ধাওয়া খেয়ে এক নারীকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে বাপ্পি। ওই নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে ভবনটি থেকে বের হয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সে।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,“জিম্মি হওয়া নারীটির জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই পুলিশ পরবর্তীতে আর কঠোর পদক্ষেপে যায়নি বা গুলি চালায়নি। এতে বাপ্পি সুযোগ পেয়ে পালিয়ে যায়। এছাড়া বাপ্পির অন্য সহযোগীদের আটকে পুলিশ পুরো ভবনটি ঘেরাও করে রেখেছে এবং ভেতরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য,শুটার বাপ্পি ওই এলাকার একাধিক মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এর আগেও জামগড়া এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের সঙ্গে বাপ্পি বাহিনীর প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিল। এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম