প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 8:08 pm || প্রকাশের তারিখ: July 26, 2026, 6:37 pm
রাজশাহী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ২.৫০ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী,২৬ জুলাই:পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
রোববার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,রাজশাহী মহানগরীতে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। এই মহৎ উদ্যোগে সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সংস্থাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রাজশাহী কলেজের ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.ইব্রাহিম আলী,পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা,মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন,সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ বিন ওয়ালিদ আবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম। বক্তারা কলেজের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে সবুজ ক্যাম্পাস গড়ার এই প্রচেষ্টাকে স্বাগত জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।