প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 4:56 pm || প্রকাশের তারিখ: July 31, 2026, 3:09 pm
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার
নাঈম বিশ্বাস, কুষ্টিয়া:
কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত এ সমস্ত মাদকদ্রব্যের পুরোটাই মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই (বুধবার) বিকেল সাড়ে ৩টার দিকে ধলা বিওপির একটি বিশেষ টহল দল সদর উপজেলার মোল্লাপাড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা, ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
এর ধারাবাহিকতায়, ৩১ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৪টা ১০ মিনিটে প্রাগপুর বিওপির আরেকটি টহল দল দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর পাড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানকারীরা মালিকবিহীন অবস্থায় ৬২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেন। যার আনুমানিক সিজার মূল্য ২৪ হাজার ৮০০ টাকা।বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়মানুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি উদ্ধার করা মাদকদ্রব্যগুলো পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান দমন এবং মাদকসহ সব ধরনের অবৈধ পাচার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর গোয়েন্দা নজরদারি ও এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।