প্রিন্ট এর তারিখ: August 10, 2026, 11:19 pm || প্রকাশের তারিখ: August 10, 2026, 9:04 pm
আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজা
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি
আশুলিয়ায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৭৮ পিস ইয়াবা, ১১৭ পুরিয়া হেরোইন এবং ৭৫ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। রবিবার (৯ আগস্ট) বিকেল থেকে সোমবার ভোর পর্যন্ত বাইপাইল, ডেন্ডাবর ও ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
এসময় তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকেল ৩টার দিকে ডেন্ডাবর এলাকা থেকে তিন পিস ইয়াবা,১৭ পুরিয়া হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন (৪৭) ও তুহিন মোল্লাকে (২৬) গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ডেন্ডাবরের মণ্ডল কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ফুয়াদ হোসেনকে (২৭) এবং সন্ধ্যা ৬টার দিকে বাইপাইল এলাকার সম্ভার ফিলিং স্টেশনের সামনে থেকে ৩৫ পিস ইয়াবাসহ সুরুজ মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়াও সোমবার রাত দেড়টার দিকে ইউনিক বাস স্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ ফয়সাল ফিরোজ (৩৩) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
উক্ত বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্যারের সার্বিক নির্দেশে মাদকের বিরুদ্ধে আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। অপরাধ নির্মূল ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।