কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও ছড়িয়ে পড়ার পর চাঞ্চল্য
নাঈম বিশ্বাস কুষ্টিয়া:
কুষ্টিয়া শহরে অবস্থিত শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনের জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে এক ব্যক্তিকে বিভিন্ন উসকানিমূলক স্লোগান ও বক্তব্য দিতে দেখা যায়। তাকে বলতে শোনা যায়— ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা—জয় বঙ্গবন্ধু’ এবং ‘হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কামারুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’ ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘ষড়যন্ত্র করে জঙ্গিবাদীরা আমার নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে। আমরা এই জুলাই মানি না, কখনো মানব না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাআল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব।’ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা। তিনি বলেন, ‘প্রশাসনের উদাসীনতার কারণেই অপরাধীরা এমন ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন দাবি করেন, এটি একটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। এমন ঘটনা ঘটতে পারে বলে তথ্য তাদের কাছে আগে থেকেই ছিল এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কর্মকর্তারা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম