প্রিন্ট এর তারিখ: August 12, 2026, 3:05 pm || প্রকাশের তারিখ: August 12, 2026, 12:54 pm
মনোহরপুর গ্রামের নিতাই গৌড় ভজ মন্দিরে চুরি: গ্যাস সিলিন্ডারসহ আসবাবপত্র লুট।
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার মনোহরপুর গ্রামের 'নিতাই গৌড় ভজন মন্দিরে' এক চুরির ঘটনা ঘটেছে। গত ১০ আগস্ট সোমবার দিবাগত রাতে চোরচক্র মন্দিরের ভেতরে প্রবেশ করে রান্নার গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলাসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।মন্দির কমিটির সভাপতি শ্রী বিকাশ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে পূজা-অর্চনা শেষে নিতাই গৌড় ভজন মন্দিরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। সোমবার দিবাগত গভীর রাতে বা ভোরের কোনো এক সময় চোরেরা মন্দিরে হানা দেয়। তারা মন্দিরের ভেতরে থাকা রান্নার গ্যাস সিলিন্ডার, চুলা এবং বেশ কিছু প্রয়োজনীয় আসবাবপত্র লুটে নেয়, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।
পরদিন মঙ্গলবার সকালে মন্দিরে চুরির বিষয়টি জানাজানি হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব তৈরি হয়। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মন্দির কমিটির পক্ষ থেকে বিষয়টি স্থানীয় প্রশাসন ও মহাদেবপুর থানা পুলিশকে অবহিত করার প্রক্রিয়া চলছে। এই ন্যাক্কারজনক চুরির সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মন্দির কর্তৃপক্ষ।