প্রিন্ট এর তারিখ: August 12, 2026, 10:28 pm || প্রকাশের তারিখ: August 12, 2026, 5:46 pm
ডিমলায় নাউতারা নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো পরিদর্শনে গিয়ে দুর্ঘটনাকবলিত এমপি, গানম্যান গুরুতর আহত
ডিমলায় নাউতারা নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো পরিদর্শনে গিয়ে দুর্ঘটনাকবলিত এমপি, গানম্যান গুরুতর আহত
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় নাউতারা নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে হঠাৎ বিপত্তির মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার। পরিদর্শনের সময় এমপির সামনেই সাঁকোটির একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এতে তাঁর সঙ্গে থাকা কয়েকজন সফরসঙ্গী নদীতে পড়ে যান এবং নিরাপত্তায় নিয়োজিত গানম্যান গুরুতর আহত হন। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সংসদ সদস্য।
বুধবার (১২ আগস্ট) ডিমলা সদর ইউনিয়নের নাটাবাড়ি এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোটি পরিদর্শনকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় নাউতারা নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এতে নদীর ওপর তৈরি কাঠের সাঁকোটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ও সাঁকোর বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে সেখানে যান সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার।
পরিদর্শনকালে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মজিবুর রহমান, নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রফিকুজ্জামান বকুলসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি ও তাঁর সফরসঙ্গীরা সাঁকোর ওপর দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করছিলেন। এমন সময় হঠাৎ সাঁকোর একাংশ ভেঙে নিচে নদীতে তলিয়ে যায়। এতে তাঁর সঙ্গে থাকা কয়েকজন কর্মী-সমর্থক পানিতে পড়ে যান এবং নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে নদী থেকে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহত গানম্যানকে তাৎক্ষণিকভাবে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় রক্ষা পান।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নাটাবাড়ি এলাকার এই কাঠের সাঁকোটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। চলতি বর্ষা ও বন্যার পানিতে স্রোত বৃদ্ধি পাওয়ায় সাঁকোর মূল কাঠামো আরও নাজুক হয়ে পড়েছে। বিকল্প কোনো পথ না থাকায় ঝুঁকি জেনেও স্থানীয়দের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের জোরালো দাবি, কাঠের সাঁকোটির স্থানে অনতিবিলম্বে একটি টেকসই ও স্থায়ী কনক্রিটের সেতু নির্মাণ করা প্রয়োজন। এতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি স্থায়ীভাবে দুর্ঘটনার ঝুঁকি দূর হবে।