প্রিন্ট এর তারিখ: August 15, 2026, 12:55 am || প্রকাশের তারিখ: August 14, 2026, 10:33 pm
বগুড়া আদালত চত্বরে সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টার অভিযোগে থানায় জিডি
বগুড়া প্রতিনিধি।। বগুড়ার আদালত চত্বরে প্রকাশ্যে সাংবাদিক মো. হাবিবুর রহমান ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোতাহের আলী, তার ভাই ও ছেলে এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নম্বর ১২১২।
সাংবাদিক হাবিবুর রহমান ভূইয়ার করা জিডি ও সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, তিনি আদালতে অবস্থানকালে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে হামলার চেষ্টা চালান। এ সময় তাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত মোতাহের আলী, তার ভাই ও ছেলে এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা অতীতেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মামলার সঙ্গে জড়িত ছিলেন। আদালতের মতো একটি প্রকাশ্য ও গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের হামলার ঘটনার পর সাংবাদিক হাবিবুর রহমান ভূইয়া নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই মাহামুদুর রহমান বলেন, “আমরা জিডির অভিযোগ বিষয়ে অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী সাংবাদিক: সাংবাদিক মো. হাবিবুর রহমান ভূইয়া বলেন, “আদালতের মতো নিরাপত্তাবেষ্টিত ও প্রকাশ্য স্থানে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা দাবি করছি।”এদিকে, অভিযুক্ত মোতাহের আলী ও তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা ও প্রকৃত ঘটনা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।