প্রিন্ট এর তারিখ: August 15, 2026, 1:47 pm || প্রকাশের তারিখ: August 15, 2026, 11:39 am
দেশে নিউরো বা স্নায়ুরোগীদের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত পাঁচশ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় তিনি নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে নতুন ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পাশাপাশি অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। নতুন এই ৫শ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজারে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হলো।ভবনটির কাঠামোগত বিষয়ে কর্মকর্তারা আরও জানান, ১৫ তলা বিশিষ্ট নতুন এ ভবনের নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে ব্যবহার করা হবে।
সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি রাখা হয়েছে সার্ভিস সেকশন। এ ছাড়া ওপরের ১২ তলায় রোগীদের জন্য ওয়ার্ড, অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে।রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য সেখানে ৪০ আইসিইউ শয্যা, ২৪ পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। দেশের স্নায়ুরোগীদের উন্নত চিকিৎসার কথা বিবেচনা করে ২০০৬ সালে আগারগাঁওয়ে এই নিউরোসায়েন্সেস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।