আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 16, 2026, 4:19 pm || প্রকাশের তারিখ: August 16, 2026, 2:29 pm
জিম্বাবুয়ের ফেরি দুর্ঘটনায় নিহত বেড়ে ৭২
জিম্বাবুয়ের লেক কারিবায় ফেরি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। শনিবার হ্রদটি থেকে আরও ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থার পরিচালিত অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরিটি গত মঙ্গলবার উত্তাল পানিতে উল্টে যায়। জাম্বিয়া সীমান্তসংলগ্ন বিশাল এই হ্রদে এমন দুর্ঘটনা বিরল। ধারণা করা হচ্ছে, এটি জিম্বাবুয়ের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ফেরি দুর্ঘটনা।
শনিবার রাতে এক বিবৃতিতে পুলিশ জানায়, ১৫ আগস্ট রাতে আরও তিনজনের মরদেহ উদ্ধারের পর কারিবা আরআইডিএ নৌযান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৭২ জনে পৌঁছেছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ চলছে। এর আগে শনিবার আরও ২২টি মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা ৬৮ জন বলে জানিয়েছিল পুলিশ। পরে নতুন করে আরও চারজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া যায়।

কর্মকর্তারা জানান, ফেরিটিতে সর্বোচ্চ ৯০ জন যাত্রী বহনের অনুমতি ছিল। কিন্তু দুর্ঘটনার সময় সেখানে ১১৪ জন প্রাপ্তবয়স্ক, পাঁচজন ক্রু এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিল। দুর্ঘটনার পর ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে বেসামরিক সুরক্ষা ইউনিট জানিয়েছিল।

হ্রদের তীরবর্তী কারিবা শহরের জেলা হাসপাতালে শনিবার কয়েক শ মানুষ জড়ো হন। তাঁরা স্বজনদের মরদেহ শনাক্ত করার জন্য সেখানে অপেক্ষা করেন।উদ্ধার অভিযানে নিয়োজিত রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জোসেফ মুচেচেসি জানান, শনিবার পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মরদেহ উদ্ধারে তাঁরা আশাবাদী। শীতল আবহাওয়ার কারণে পানিতে থাকা মরদেহগুলো ভেসে উঠতে সময় লাগছে বলেও জানান তিনি। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানান, যাত্রা শুরুর পরপরই ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে। এ সময় তাঁরা চালককে ফেরত যাওয়ার অনুরোধ করেছিলেন।এক বেঁচে যাওয়া যাত্রী জানান, ফেরিটি ডুবে যাওয়ার সময় মানুষকে নিজেদের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে দেখেছেন তিনি। তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু ও সাত স্বজনও এ দুর্ঘটনায় মারা গেছেন।

আরেক বেঁচে যাওয়া যাত্রী চান্স সিয়ামাভু জানান, একটি বড় ঢেউ ডুবতে থাকা ফেরিটিকে ঠেলে দেওয়ায় তাঁরা সেটির ওপরে উঠতে সক্ষম হন। ফেরিটি উল্টে যাওয়ার পর অনেকে লাইফ জ্যাকেট নিতে ছোটাছুটি করলেও বেশিরভাগ যাত্রী সেগুলো ব্যবহারের নিয়ম জানতেন না। ফলে অনেকেই প্রাণ হারান। জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তজুড়ে বিস্তৃত লেক কারিবা পানির পরিমাণের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম