আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 17, 2026, 2:27 pm || প্রকাশের তারিখ: August 17, 2026, 12:33 pm
আশুলিয়ায় ৪ লাখ টাকার লোন নিয়ে সপরিবারে চম্পট: জামিনদারকে প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ
আশুলিয়ায় ৪ লাখ টাকার লোন নিয়ে সপরিবারে চম্পট: জামিনদারকে প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

 

মোস্তাবিন সিয়াম  বিশেষ প্রতিনিধি,

পরিচিতি ও প্রতিবেশী সম্পর্কের সুযোগ নিয়ে ৪ লাখ টাকা লোন তুলে চম্পট দিয়েছে এক প্রতারক। ঋণের কিস্তি পরিশোধ না করে রাতারাতি এলাকা ছেড়ে পালানোর পর এখন পাওনা টাকা চাইতে গেলে উল্টো জামিনদার ও তার পরিবারকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। আশুলিয়ার শ্রীপুর এলাকায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।

 

এই ঘটনায় প্রতারক আলালের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গার্মেন্টসকর্মী মোছাঃ ইসমত আরা (৩০)।

 

ঘটনার বিবরণ

অভিযোগসূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার পার্বতীপুর থানার কাঠামারী গ্রামের মো মোঃ ইলিয়াস আলীর কন্যা ইসমত আরা বর্তমানে আশুলিয়ার শ্রীপুর এলাকার রাইসমিল পাগলা মার্কেট সংলগ্ন হারুন সাহেবের বাসায় ভাড়া থাকেন। তাদেরই পূর্বপরিচিত ও একই জেলার পার্বতীপুর থানার লালমনিরহাট গ্রামের বাসিন্দা মোঃ আলাল (৩৫) (স্ত্রী- নুর জাহান) আগে ইসমত আরাদের বর্তমান ঠিকানার বাসায় ভাড়া থাকতেন।

 

পাশাপাশি বসবাস করার সুবাদে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্ত আলাল বিভিন্ন সমিতি থেকে ঋণ নেওয়ার জন্য ইসমত আরার ভাই আব্দুর রহিমকে জামিনদার (গ্যারান্টার) হওয়ার অনুরোধ জানান। সরল বিশ্বাসে আব্দুর রহিম তাতে রাজি হন এবং জামিনদার হিসেবে স্বাক্ষর করেন। এরপর অভিযুক্ত আলাল ৪টি ভিন্ন ভিন্ন সমিতি থেকে ১ লাখ টাকা করে মোট ৪,০০,০০০ (চার লাখ) টাকা লোন উত্তোলন করেন।

 

টাকা তুলে আত্মগোপন ও হুমকি

লোন উত্তোলনের পর থেকেই আলাল বদলে যেতে থাকেন। সমিতির একটি কিস্তিও পরিশোধ না করে গত ৩ মাস আগে জিরাবো এলাকার বর্তমান ঠিকানা থেকে হঠাৎ সপরিবারে গোপনে পালিয়ে যান তিনি। এদিকে লোন পরিশোধ না করায় কিস্তির টাকার জন্য সমিতির লোকজন জামিনদার আব্দুর রহিম ও তার পরিবারের ওপর চরম চাপ সৃষ্টি করতে থাকে।

 

উপায়ান্তর না পেয়ে ইসমত আরা ও তার পরিবার আলালের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল কেটে দেন। মাঝে মাঝে কল ধরলেও পাওনা টাকার কথা বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযুক্ত আলাল ও তার সহযোগীরা জামিনদার ও তার পরিবারকে প্রাণনাশের হুমকিসহ জান-মালের বড় ধরনের ক্ষতিসাধন করার হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

আইনগত ব্যবস্থা

হুমকি ও সমিতির মানসিক চাপে দিশেহারা হয়ে ভুক্তভোগী পরিবার তাদের নিকটাত্মীয়দের সাথে পরামর্শ করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

ভুক্তভোগী ইসমত আরা জানান, "আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিবেশীর বিপদে বিশ্বাস করে ভাই জামিনদার হয়েছিল। এখন সে লোন নিয়ে পালিয়ে যাওয়ায় আমরা একদিকে সমিতির চাপে দিশেহারা, অন্যদিকে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।"

 

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত আলালের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম