আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 17, 2026, 7:29 pm || প্রকাশের তারিখ: August 17, 2026, 5:26 pm
হামাস নেতাদের সঙ্গে মিসরে বৈঠকে ট্রাম্পের জামাতা কুশনার
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে হামাসের নেতাদের সঙ্গে মিসরে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

ফিলিস্তিনি একটি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মিসরের আলামেইন শহরে অনুষ্ঠিত বৈঠকে হামাসের নেতারা গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয় কুশনারের কাছে তুলে ধরেন। জবাবে কুশনার জানান, গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হায়া উপস্থিত ছিলেন। এ ছাড়া মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলি আল-থাওয়াদি এবং তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও বৈঠকে ছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা, উপত্যকার প্রশাসনিক দায়িত্ব জাতীয় কমিটির কাছে হস্তান্তর এবং ভবিষ্যৎ প্রশাসনে হামাসের ভূমিকা না রাখার কথা রয়েছে। একই সঙ্গে হামাসকে অস্ত্র ও সামরিক অবকাঠামো ছেড়ে দেওয়ার শর্তও দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে সরাসরি যোগাযোগ এড়িয়ে এসেছে। তবে গাজায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে সংগঠনটির সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।

এদিকে হামাস জানিয়েছে, তারা ট্রাম্পের পরিকল্পনা গ্রহণে সম্মত। তবে যুদ্ধবিরতি টেকসই করতে ইসরায়েলকে আগে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামলা বন্ধের বিষয় রয়েছে।

অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনাকে ইসরায়েলের জন্য ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য কমাতেই কুশনারের ইসরায়েল ও মিসর সফর বলে ধারণা করা হচ্ছে।

হামাসের সঙ্গে বৈঠকের পর মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও বৈঠক করেন কুশনার। গাজা পরিস্থিতি, আঞ্চলিক শান্তি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে সেখানে আলোচনা হয়।

এদিকে গাজায় ইসরায়েলি হামলাও অব্যাহত রয়েছে। খান ইউনিসে একটি তাঁবুতে হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি আহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি সরকারি সূত্রের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম