প্রিন্ট এর তারিখ: August 20, 2026, 7:17 am || প্রকাশের তারিখ: August 20, 2026, 12:58 am
আশুলিয়ার ভাড়া বাসায় বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার: চাঞ্চল্যে তোলপাড় এলাকা
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি
: ঢাকার আশুলিয়ার ভাদাইল মোড় সংলগ্ন ইপিজেড রোড এলাকার 'থ্রি সিস্টার্স ভিলা'র একটি ভাড়া বাসা থেকে এক শিশু ছেলের জঘন্য ও হৃদয়বিদারক বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হতেই পুরো এলাকায় তীব্র আতঙ্ক, শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, 'থ্রি সিস্টার্স ভিলা'র একটি কক্ষ থেকে সন্দেহজনক বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ বিষয়টিতে নজর দেন। পরবর্তীতে বস্তা খুলে ফুটফুটে শিশুটির নিথর দেহ বেরিয়ে আসে। ঘাতকরা শিশুটিকে নির্মমভাবে হত্যা করার পর লাশ গুমের উদ্দেশ্যে কৌশলে বস্তায় ভরে ঘরের ভেতর লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
মর্মান্তিক এই ঘটনা নিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ টিম গঠন করে ইতোমধ্যে নিবিড় তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে ঘাতককে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
এদিকে শিশুটিকে কেন এবং কীভাবে হত্যা করা হলো, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এই নারকীয় অপরাধের সাথে জড়িত অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে ক্ষুব্ধ এলাকাবাসী।