প্রিন্ট এর তারিখ: August 20, 2026, 7:16 am || প্রকাশের তারিখ: August 20, 2026, 1:50 am
নিজস্ব প্রতিবেদক।। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলার রহস্য উদঘাটন এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জুলাই ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার সার্কেলের আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা জেলা পুলিশ লাইন্সের (মিল ব্যারাক) কনফারেন্স রুমে আয়োজিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। এর আগে গত মে ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নেও তিনি ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন। অল্প সময়ের ব্যবধানে পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে তিনি তাঁর কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আশুলিয়া থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান জোরদার, মামলার রহস্য উদঘাটন এবং সাধারণ মানুষকে দ্রুত পুলিশি সেবা প্রদানে নানা যুগোপযোগী উদ্যোগ নেন ওসি তরিকুল ইসলাম। তাঁর নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে।
বিশেষ করে শিল্পাঞ্চল আশুলিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং মামলা গ্রহণ ও পুলিশি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার ফলে সাধারণ মানুষের হয়رানি কমেছে। থানায় সেবাপ্রত্যাশীদের জন্য সহজ পরিবেশ তৈরি এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির কারণে পুলিশের প্রতি স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের আস্থার মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
এই অর্জনে সন্তোষ প্রকাশ করে ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,“এই অর্জন আমার একার নয়; এটি আশুলিয়া থানার সকল কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন স্যারের সুযোগ্য দিকনির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য আশুলিয়াকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা।”তিনি আরও যোগ করেন, “এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই।”উল্লেখ্য, এর পূর্বেও সাহসিকতা, পেশাদারিত্ব ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন। পরপর দুইবার ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আশুলিয়াবাসীর মধ্যেও ব্যাপক সন্তোষ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
এবিডি.কম/রাজু