প্রিন্ট এর তারিখ: August 20, 2026, 4:53 pm || প্রকাশের তারিখ: August 20, 2026, 12:20 pm
(রাঙামাটি) প্রতিনিধি:
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার ১০০ জন খামারির মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত খামারিদের হাতে এসব গো-খাদ্য তুলে দেওয়া হয়।
এসময় প্রত্যেক খামারিকে ৭ কেজি করে মিশ্র গো-খাদ্য প্রদান করা হয়। এ গো-খাদ্যের মধ্যে ছিল পাতা ভুষি, কুড়া, সয়াবিন মিল, ভুট্টা, ভিটামিন-মিনারেল প্রিমিক্স, সাদা মটর ছোলা, সরিষার খৈল ও লবণ।
খামারিদের হাতে গো-খাদ্য তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো: এনামুল হক হাজারী।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিহ্লাউ মারমা, অমল কান্তি বড়ুয়া, মনোরঞ্জন তনচংগ্যা ও বিশ্বামিত্র চাকমা এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এবং গবাদিপশুর খাদ্য সংকট মোকাবিলায় এ সহায়তা প্রদান করা হয়েছে।