আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 25, 2026, 6:57 pm || প্রকাশের তারিখ: August 25, 2026, 4:54 pm
কুমারখালীতে অনলাইন জুয়ার নেটওয়ার্ক ও রাতারাতি সম্পদ অর্জনের অভিযোগ
কুমারখালীতে অনলাইন জুয়ার নেটওয়ার্ক ও রাতারাতি সম্পদ অর্জনের অভিযোগ

​স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া :

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মহননগর গ্রামের মো. নাসির উদ্দীনের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে শাওনের বিরুদ্ধে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অর্থ-সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও সাধারণ জীবনযাপন করা শাওন বর্তমানে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, ফ্ল্যাট, জমি, খামার ও বিপুল সম্পদের মালিক হয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার কথা বলে কুষ্টিয়া শহরে বসবাস শুরু করার পর থেকেই তার অর্থনৈতিক অবস্থার বড় ধরনের পরিবর্তন ঘটে। কুমারখালীর পান্টি বাজারে জমি ও দোকানঘর কিনে রড, সিমেন্ট, স্যানিটারি সামগ্রী ও ঢেউটিনের ব্যবসা পরিচালনার পাশাপাশি মহননগরে বিলাসবহুল বাড়ি ও গরুর খামার গড়ে তুলেছেন তিনি। এছাড়া কুষ্টিয়া শহরেও তার নামে-বেনামে সম্পদ থাকার অভিযোগ রয়েছে।
​স্থানীয়দের আরও অভিযোগ, গত ৫ আগস্টের পর এলাকায় মাদক ব্যবসার একটি সিন্ডিকেট গড়ে উঠেছে এবং এর সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। স্থানীয় কিশোর ও তরুণদের একটি অংশকে অনলাইন জুয়া ও সাইবার অপরাধে জড়িয়ে পড়ার পেছনে এই চক্রের প্রভাব রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। অতীতেও তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়টিও স্থানীয়ভাবে আলোচিত হয়েছে।
​এ বিষয়ে শাহরিয়ার হোসেন ওরফে শাওনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে,তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় সচেতন মহলের দাবি, এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম