প্রিন্ট এর তারিখ: August 26, 2026, 6:22 pm || প্রকাশের তারিখ: August 26, 2026, 4:06 pm
রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালীর দুই সংরক্ষিত নারী ইউপি সদস্য গ্রেপ্তার
নাফিজ আহমেদ ,রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের দুই সংরক্ষিত নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখের নেতৃত্বে একটি আভিযানিক দল রাজবাড়ীর পাংশা মডেল থানা এলাকায় পরিচালনা করে। অভিযানকালে পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসা. হামিদা খাতুন (৪৭)। তিনি মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য। অপরজন চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য।
এ বিষয়ে মাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তাঁর পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে প্রশাসনিকভাবে এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।