প্রিন্ট এর তারিখ: August 29, 2026, 9:06 pm || প্রকাশের তারিখ: August 29, 2026, 7:09 pm
পার্বতীপুরে ভাঙারি গোডাউনে ডিবির অভিযান, ১১৪ কেজি তার জব্দ
দিনাজপুর প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে বৈদ্যুতিক তার চুরির মামলার তদন্তের সূত্র ধরে দিনাজপুরের পার্বতীপুরে একটি ভাঙারি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ১১৪ কেজি বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বদরগঞ্জে একটি চীনা প্রতিষ্ঠানের প্রায় এক কিলোমিটার বৈদ্যুতিক তার চুরির ঘটনায় গত ১ আগস্ট থানায় মামলা হয়। মামলার তদন্তে মোখলেছার, জামাল ও হৃদয় নামে তিনজনকে আটক করা হয়।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর শহরের মেঘনা ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে ১১৪ কেজি বৈদ্যুতিক তারসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
অভিযানের সময় আটক তিনজনের মধ্যে হৃদয় পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রংপুর ডিবি পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী জানান, চুরি ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে আটক তিনজনের পাশাপাশি মেঘনা ট্রেডার্সের মালিক মাসুদ পারভেজ ওরফে ‘ভাঙারি মাসুদকে’ মামলায় আসামি করা হয়েছে।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।