আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 5, 2026, 12:15 am || প্রকাশের তারিখ: September 4, 2026, 8:32 pm
আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক
আশুলিয়া প্রতিনিধি ।। আশুলিয়ায় স্ত্রী ও দুই বছরের শিশুসন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে তরিকুল ইসলাম হৃদয় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে ওই নারীর ১৬ বছর বয়সী ভাই ইউসুফ ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তরিকুল ইসলাম হৃদয়কে একটি রামদাসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন।
শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক তরিকুল ইসলাম হৃদয় নিশ্চিন্তপুর এলাকার নুর ইসলামের ছেলে। তার স্ত্রী মাকসুদা আক্তার ফাতেমা (২২)। তিনি মফিজ উদ্দিন ভূঁইয়ার মেয়ে। ভুক্তভোগী মাকসুদা আক্তার ফাতেমার অভিযোগ, ঘটনার সময় তার স্বামী তরিকুল ইসলাম হৃদয় একটি গাড়িতে করে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে তার বাবার বাড়ির সামনে আসেন। তাদের হাতে রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে তিনি দাবি করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ও তার দুই বছরের শিশুসন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
মাকসুদার চিৎকার শুনে তার ছোট ভাই ইউসুফ (১৬) তাকে ও শিশুটিকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তাকে উদ্ধার করে সাভার সরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার একপর্যায়ে মাকসুদার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধ করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা তরিকুল ইসলাম হৃদয়কে একটি রামদাসহ আটক করতে সক্ষম হন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় যায়। ভুক্তভোগীর দাবি, হামলায় অংশ নেওয়া অন্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের পক্ষ থেকে পুনরায় হামলার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার দুই বছরের শিশুসন্তান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
মাকসুদা আক্তার ফাতেমা বলেন, তার স্বামী তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন এবং দীর্ঘদিন ধরে তাকে ভরণপোষণ দেন না। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে ও তার শিশুসন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে তার দাবি।
তিনি বলেন, “আমার স্বামী আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। আমাকে ভরণপোষণ দেয় না। আমি অনেক কষ্টে বাবার বাড়িতে থাকি। এর জের ধরে আমাকে ও আমার সন্তানকে হত্যার উদ্দেশ্যে ১০ থেকে ১৫ জন লোক নিয়ে রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ হামলা চালানো হয়। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে ও আমার সন্তানকে রক্ষা করেন। এ সময় আমার ভাইকেও কুপিয়ে আহত করা হয়েছে।”স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র নিয়ে এ ধরনের হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ভুক্তভোগী নারী ও তার শিশুসন্তানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”পুলিশের তদন্তের পর হামলার প্রকৃত কারণ, হামলায় কতজন অংশ নিয়েছিল এবং আটক ব্যক্তির সঙ্গে অন্যদের সংশ্লিষ্টতা ছিল কি না-এসব বিষয় স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার দাবি উঠেছে।
এবিডি.রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম