আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 5, 2026, 7:04 am || প্রকাশের তারিখ: September 5, 2026, 2:28 am
ধামসোনায় নারীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের পাবনারটেক এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ভাদাইল-পাবনারটেক এলাকায় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার নারী বাসিন্দারা অংশ নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা, নিরাপত্তা, মাদক ও অপরাধ দমনসহ উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, “আমি ক্ষমতায় যাওয়ার জন্য চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের একজন সেবক হতে চাই। আপনারা আমাকে আপনাদের ছোট ভাই হিসেবে দেখবেন। আমার কোনো ভুল বা অন্যায় হলে সেটা আড়ালে না বলে সরাসরি আমাকে জানাবেন এবং সচেতন করবেন।”
তিনি বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে মাদক বিক্রি, ছিনতাইসহ অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দের সহযোগিতা নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
নির্বাচনী প্রচারণায় কেউ ভয়ভীতি দেখালে সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়ে ইসরাফিল হোসেন বলেন, “আপনারা নির্ভয়ে ও নির্দ্বিধায় আমার প্রচার-প্রচারণা করবেন। নির্বাচনে আমার জন্য কাজ করতে গিয়ে কেউ কোনো ধরনের ভয় বা হুমকির মুখে পড়লে আমাকে জানাবেন। আপনাদের পাশে আমি সবসময় আছি এবং থাকব।”তিনি আরও বলেন, “নির্বাচনে আমি জয়ী হই বা না হই, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। চেয়ারম্যান হতে পারলাম কি পারলাম না, সেটা বড় বিষয় নয়; আপনাদের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস নিয়ে আপনাদের পাশে থাকতে চাই।”
এ সময় তিনি উপস্থিত নারীদের নিজের পরিবারের সদস্যের সঙ্গে তুলনা করে বলেন, “এখানে যারা উপস্থিত হয়েছেন, তারা আমার বোন, ভাই, মা ও খালা। আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করব।”মতবিনিময় সভায় স্থানীয় নারীরা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাস্তাঘাট ও জনসেবা মূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছে প্রত্যাশার কথা জানান। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেত্রী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম