
নিজস্ব প্রতিবেদক।। চাকরি ও ক্যারিয়ারের সম্ভাবনা খুঁজতে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (NITER) প্রাঙ্গণে জড়ো হয়েছেন হাজারো তরুণ। চাকরি, ইন্টার্নশিপ, ক্যারিয়ার পরামর্শ ও দক্ষতা উন্নয়নের নানা সুযোগ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘THRIVE ২০২৬’ ক্যারিয়ার কনক্লেভ ও NITER National Job Fest 2026।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন খাতের ৫০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। সরাসরি অংশগ্রহণ করেন এক হাজারের বেশি চাকরিপ্রার্থী, আর পুরো আয়োজনে দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়ে যায় ১০ হাজার।
জব ফেস্টে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোতে ছিল ২০০টির বেশি চাকরির শূন্যপদ। ফলে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে কথা বলা, সিভি জমা দেওয়া এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পান। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
ক্যারিয়ার গড়তে বিশেষজ্ঞদের পরামর্শ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল করপোরেট ক্যারিয়ার টক ও ইন্টার্যাক্টিভ সেশন। বিভিন্ন শিল্পখাতের ১০টির বেশি অভিজ্ঞ বক্তা ও পেশাজীবী তরুণদের সঙ্গে কর্মজীবনের প্রস্তুতি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সমস্যা সমাধান এবং করপোরেট সংস্কৃতি নিয়ে মতবিনিময় করেন।
ছিল ‘SparkTank’26’ প্রতিযোগিতাও ক্যারিয়ার কনক্লেভের আরেকটি আকর্ষণ ছিল‘SparkTank’26’। কেস ক্যাটালিস্ট, পাবলিক স্পিকিং ও লিডারশিপভিত্তিক এ প্রতিযোগিতায় বাস্তব ব্যবসায়িক ও সামাজিক সমস্যা তুলে ধরে প্রতিযোগীদের কাছ থেকে সমাধান চাওয়া হয়।
প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান, যোগাযোগ ও নেতৃত্বের সক্ষমতা যাচাই করা হয়। এ প্রতিযোগিতায় মোট এক লাখ টাকা পুরস্কার রাখা হয়।
আয়োজকদের মতে, বর্তমান চাকরির বাজারে শুধু একাডেমিক ফলাফল নয়, বরং দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব ও বাস্তব কর্মপরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি মাথায় রেখেই শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) সভাপতি শওকত আজিজ রাসেল। সভাপতিত্ব করেন NITER-এর পরিচালক আশিকুল আলম রানা।
অনুষ্ঠানে BTMA-এর সহ-সভাপতি ও পুরবাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম সরকারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও NITER-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দিনব্যাপী আয়োজন শেষে সম্মাননা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে ‘THRIVE ২০২৬’ ও NITER National Job Fest-এর সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট খাত ও চাকরিপ্রার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এ আয়োজন। তরুণদের ব্যাপক উপস্থিতি ভবিষ্যৎ ক্যারিয়ার ও কর্মসংস্থানকেন্দ্রিক উদ্যোগের প্রতি তাদের আগ্রহের বিষয়টিও তুলে ধরেছে।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম