আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 8, 2026, 10:35 pm || প্রকাশের তারিখ: September 8, 2026, 8:56 pm
সাভার প্রেসক্লাবে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাভার প্রতিনিধি।। কেক কাটা,আলোচনা সভা ও সাংবাদিকদের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাভার প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক জনতার প্রকাশক ও প্রতিষ্ঠানের মালিক প্রয়াত সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে সৈয়দ মোহাম্মদ আতিকুল হাসান এবং দৈনিক জনতার মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক ওবায়দুর রহমান শাহীন বলেন, বর্তমান সময়ে দেশের সাধারণ মানুষ নানা সংকট ও সীমাহীন ভোগান্তির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। বিশেষ করে গ্যাসের তীব্র সংকটে অনেক পরিবার সময়মতো রান্নাবান্না করতে পারছে না। পাশাপাশি বিদ্যুৎ সংকট শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ চলমান জনদুর্ভোগ দ্রুত নিরসনে সরকারকে কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে। মানুষের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন,শহীদদের ত্যাগকে স্মরণ করে একটি সুন্দর, নিরাপদ ও জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দৈনিক জনতার সম্পাদক আরও বলেন, “দৈনিক জনতা সবসময় জনতার কথা বলে, সত্যের কথা বলে। মানুষের সুখ-দুঃখ, অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরাই আমাদের দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”
প্রকাশক সৈয়দ মোহাম্মদ আতিকুল হাসান বলেন, তাঁর বাবা মরহুম সৈয়দ আনোয়ার হোসেন ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ, খ্যাতিমান কলামিস্ট ও দৈনিক জনতার প্রকাশক। সত্য ও ন্যায়ের প্রতি তিনি ছিলেন অবিচল। মানুষের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সত্যকে সাহসের সঙ্গে তুলে ধরা ছিল তাঁর অন্যতম আদর্শ। তিনি আরও বলেন, একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি মানুষের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের একটি শক্তিশালী প্রতিষ্ঠান। তাঁর বাবার রেখে যাওয়া আদর্শ ও ঐতিহ্য অনুসরণ করে দৈনিক জনতাকে আরও শক্তিশালী, আধুনিক ও গণমানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ সময় প্রয়াত সৈয়দ আনোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান প্রকাশক।
অনুষ্ঠানে দৈনিক জনতার প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সাভার প্রতিনিধি মো. ফাহাদ-ই-আজম। বিশেষ অতিথির বক্তব্য দেন মফস্বল ইনচার্জ জাহাঙ্গীর খান বাবু। সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এ সময় সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সাবেক সভাপতি মো. নাজমুস সাকিব, সহসভাপতি মো. আরিফুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল ৯-এর সাভার প্রতিনিধি মো. রুপোকুর রহমান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, ETV-এর সাভার প্রতিনিধি সায়েদ জুয়েল, গ্লোবাল টিভির সাভার প্রতিনিধি মো. তোফায়েল হোসেন তোফা সানি, কালের কণ্ঠের সাভার প্রতিনিধি ইমদাদুল হক, এস টিভির সাভার প্রতিনিধি রাজিব মাহমুদ, দৈনিক জনতার আশুলিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম রাজু,ধামরাই প্রতিনিধি সোলায়মান হোসেন, বাংলা এক্সপ্রেসের সাভার প্রতিনিধি মো. আহসানউল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই দৈনিক জনতার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম