প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানিসম্পদমন্ত্রী
নাফিজ আহমেদ , রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের ২৪ জেলার অভূতপূর্ব অর্থনৈতিক রূপান্তর ঘটবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রকল্পের সম্ভাব্য স্থান সরজমিনে পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদমন্ত্রী বলেন, “পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে পুরো অঞ্চলে একটি কৃষি বিপ্লব ঘটবে। সেচ সুবিধার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও মৎস্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং এর সাথে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির নানা বহুমুখী সুযোগ-সুবিধা।”
প্রকল্পের সময়সূচি উল্লেখ করে মন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে যেকোনো সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক পদ্মা ব্যারেজ প্রকল্পের শুভ উদ্বোধন করতে পারেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ হারুনসহ স্থানীয় ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এর আগে গত ১৩ মে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল প্রতিক্ষীত 'পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প' আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে। বিশাল এই মেগা প্রকল্পের সম্ভাব্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম