রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো নাটক 'খাঁচা'
নাফিজ আহমেদ,রাজবাড়ী প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা থেকে অনুপ্রাণিত বাংলা নাটক ‘খাঁচা’ রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মঞ্চায়িত হয়েছে। অন্যায়, শোষণ, পরাধীনতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে মূল প্রতিপাদ্য করে নাটকটি মঞ্চস্থ করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ‘গহন থিয়েটার’-এর প্রযোজনা ও পরিবেশনায় নাটকটি মঞ্চায়ন হয়। নাটকটির নাট্যরূপে কাজী নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার চিরন্তন চেতনা—অন্যায় ও শোষণের বিরুদ্ধে তীব্র দ্রোহ, পরাধীনতার শৃঙ্খল ভাঙার ব্যাকুলতা এবং মানুষের স্বাধীনতার স্বপ্ন ফুটে উঠেছে। ‘খাঁচা’ নামটির মাধ্যমে মানুষের রূপক বন্দিত্ব ও সেখান থেকে উত্তরণের আকুলতার প্রতীকী রূপ ফুটিয়ে তোলা হয়েছে।
গহন থিয়েটারের পরিচালক অনুপ কুমার ঘোষ নাটকটির নির্দেশনার পাশাপাশি সার্বিক প্রযোজনা ও পরিবেশনার দায়িত্ব পালন করেন। নাটকে সংগঠনটির বিভিন্ন বয়সী নাট্যকর্মীরা তাদের নিপুণ অভিনয়ে মঞ্চ মাতিয়ে রাখেন।
নাটক প্রদর্শন শেষে গহন থিয়েটারের নির্দেশক ও পরিচালক অনুপ কুমার ঘোষের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন—রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি এম বাচ্চু রহমান, নাট্যকর্মী কাদেরুজ্জামান, মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, চারণ থিয়েটারের মঞ্জু, শিক্ষক আব্দুল আজিজ, সাবেক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও মৈত্রী থিয়েটারের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত পরিচালক খোকন মাহমুদ, বৈশাখী থিয়েটারের সদস্য জাহাঙ্গীর, জেলা জাসাসের সদস্যসচিব কাজী মিজানুর রহমান পলাশ, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন এবং ফরিদপুরের বাংলা থিয়েটারের আনিচুর জামানসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, “কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ শুধু একটি কবিতা নয়, এটি অন্যায়-অত্যাচার ও শোষণের বিরুদ্ধে মানুষের চিরন্তন লড়াইয়ের প্রতীক। বর্তমান প্রজন্মের হৃদয়ে নজরুলের এই দ্রোহের চেতনা ছড়িয়ে দিতে নাট্যচর্চার বিকল্প নেই। ‘খাঁচা’ নাটকের মাধ্যমে মানুষের অধিকার ও মুক্তির বিষয়গুলো দর্শকদের সামনে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।”
বক্তারা আরও জোর দিয়ে বলেন, সমাজে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে ও সমৃদ্ধ নাট্যচর্চার পরিবেশ গড়ে তুলতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। নিয়মিত নাটক মঞ্চায়ন ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমেই তরুণ সমাজকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে ইতিবাচক ধারায় যুক্ত রাখা সম্ভব।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম