
আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাজাহান নামে এক পোশাকশ্রমিককে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজনদের বিরুদ্ধে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্তরা হলেন-ভাদাইলের খোরশেদ মুন্সির ছেলে শরিফ ও আরিফ, সুরুজের ছেলে হিরন এবং বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার মামা কুরবান আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান,ভাদাইল গ্রামের কফিল উদ্দিন কফুর ছেলে ও স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক শাজাহান রাতে একটি দোকানে বসে হালিম খাচ্ছিলেন। এ সময় শরিফ, আরিফ, হিরন ও কুরবান আলী সেখানে গিয়ে তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ ওঠে।একপর্যায়ে শাজাহানকে উদ্দেশ করে বলা হয়, “তোর কত বড় সাহস, তুই ইসরাফিলের নির্বাচন করিস।” এরপর তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ।
মারধরের ঘটনায় শাজাহান আহত ও রক্তাক্ত হলে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।প্রত্যক্ষদর্শী দীন মোহাম্মদ বলেন,“আমরা দেখি কয়েকজন মিলে শাজাহানকে মারধর করছে। পরে আমরা কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”এলাকার স্থানীয় বাসিন্দা আলমগীর বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনায় আমরা বিস্মিত। নির্বাচনের আগেই যদি সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে, তাহলে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।”
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন,“শাজাহান আমাকে ভালোবেসে মাঝেমধ্যে আমার নির্বাচনী কার্যালয়ে আসে। সে একটি পোশাক কারখানায় চাকরি করে। এখনই যদি বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর স্বজনরা আমার লোকজনকে এভাবে মারধর করে,তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তা অনুমেয়। তবে অভিযোগের বিষয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া ও অভিযুক্ত শরিফ,আরিফ, হিরন এবং কুরবান আলীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম