প্রিন্ট এর তারিখ: September 26, 2026, 11:03 pm || প্রকাশের তারিখ: September 26, 2026, 5:53 pm
টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩।
উখিয়া প্রতিনিধি , (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের তিন ছেলে নুরুল হুদা (৪০), মোঃ ছিদ্দিক (৩২) এবং মোঃ ইয়াছিন (২৫)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল দেওয়ার সময় গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, টেকনাফ পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডে নুরুল হুদার বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের জন্য মজুত করা হয়েছে। সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে এসআরবি-১৫ এর দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘরে ইয়াবা মজুতের কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সানসেডের ওপর থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৯টি প্যাকেটে মোট ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।